তারল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ৪ দফা বিল নিলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে চার দফায় বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৫, ১২, ১৯ ও ২৭ মার্চ এ নিলাম অনুষ্ঠিত হবে।
এতে ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের নিলামে অংশ নিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা ন্যূনতম ১০ লাখ টাকা বা তার গুণিতক পরিমাণ বিড দাখিল করতে পারবেন।
নিলামের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এফএম মডিউলের মাধ্যমে বিড দাখিল করা যাবে, এবং ফল ঘোষণা করা হবে দুপুর ১টার মধ্যে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য সংকোচন করতে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। তারল্য সংকটের সময় ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হলেও বর্তমানে কিছু ব্যাংকের হাতে অতিরিক্ত তারল্য রয়েছে। ফলে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা জমা দিয়ে বিল কিনতে পারবে।