কুমিল্লা: জনতা ব্যাংকের ৩০০ কোটি টাকা লুটপাট ও ঋণ খেলাপি
দিগন্ত জার্নাল ডেস্ক:
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘনিষ্ঠজন সালাউদ্দিন আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়ায় আয়েশি জীবন যাপন করছেন। তিনি জনতা ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে সেগুলি পাচার করে বিদেশে পাড়ি দিয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সালাউদ্দিন আহমেদ দুটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন, তবে সেগুলি খোলার কয়েক বছর পরই বন্ধ হয়ে যায়। ঋণের টাকা মেরে দিয়ে তিনি সপরিবারে বিদেশ চলে যান এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
জনতা ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৪ সালে সালাউদ্দিন আহমেদ তার প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণ সুদে-আসলে বেড়ে ৪০০ কোটি টাকার ওপরে পৌঁছে গেছে। তবে ঋণের চাইতে তার প্রতিষ্ঠানগুলোর মর্টগেজ মূল্য কম হওয়ায়, তিনি কৌশলে ব্যাংক ঋণের টাকা পাচার করে দেন। এসময়, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ঋণ অনুমোদন হয়।
এছাড়া, ব্যাংকের কেয়ারটেকার মাহবুব খান এবং স্থানীয় কিছু ব্যক্তির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার মালামাল বিক্রি হয়ে গেছে, যা ব্যাংকের অভ্যন্তরে থাকার কথা ছিল। বর্তমানে, আদালতে এ বিষয়ে মামলা চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই লুটপাটের ঘটনায় ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে।
এদিকে, জনতা ব্যাংকের কর্মকর্তারা বদলি হয়ে পিঠ বাঁচাতে চাইছেন, তবে সচেতন মহল দাবি করছে, ৩০০ কোটি টাকা লুটের পেছনে মূল যারা দায়ী, তাদের খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।