২৩ মার্চই দেয়া হবে সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা আগেভাগেই পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ২৩ তারিখেই সংশ্লিষ্টদের বেতন-ভাতা প্রদান করা হবে।
রোববার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষর করেন। এতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী আগামী ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এ প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী, সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের অবসর ভাতা ২৩ মার্চ প্রদান করা হবে।