৭৩০ কোটি টাকা রেমিট্যান্স এনে আয়কর ফাঁকি: এনবিআর চেয়ারম্যান
দিগন্ত জার্নাল ডেস্ক :
এক করদাতা রেমিট্যান্স হিসেবে ৭৩০ কোটি টাকা বিদেশ থেকে এনে আয়কর ফাঁকি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
সোমবার বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে ‘অর্থনীতি-আলাপন: রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবাসীদের বৈধ আয়ের জন্য রেমিট্যান্স আয়করমুক্ত রাখা হয়েছে। কিন্তু এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা এনে সেটিকে ওয়েজ আর্নারের করমুক্ত অর্থ দাবি করছেন, যা আয়কর ফাঁকির একটি উদাহরণ।
তিনি আরও বলেন, এনবিআরের ডিজিটাইজেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন হলে অনলাইন রিটার্ন দাখিলের সময় করদাতার ব্যাংক লেনদেন, ট্যাক্স কর্তন ও মুনাফার তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। একইভাবে সিডিবিএলের সঙ্গে সংযুক্ত হলে ডিভিডেন্ড সম্পর্কিত তথ্যও স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে।
বর্তমানে দেশে এক কোটি ১৩ লাখ করদাতা থাকলেও মাত্র ৪০ লাখ আয়কর রিটার্ন দেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, করদাতারা যদি রিটার্ন না দেওয়ার পরও কোনো সমস্যায় না পড়েন, তাহলে যারা রিটার্ন দিচ্ছেন তারাই যেন বোকা বনে যান। এনবিআর মাঠপর্যায়ে যথাযথ এনফোর্সমেন্ট করতে না পারায় এই চিত্র তৈরি হয়েছে।
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা করদাতাদের মধ্যে ভয়ভীতি দূর করতে এবং এনবিআরের আন্তঃসংযোগ বাড়াতে অনুরোধ করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সভায় সভাপতিত্ব করেন, যেখানে সংগঠনটির মহাসচিব সৈয়দ মহিদুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন।