শেয়ারবাজারে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির দাবি ডিবিএ’র - দিগন্ত জার্নাল

শেয়ারবাজারে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির দাবি ডিবিএ’র

দিগন্ত জার্নাল ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির দাবি জানিয়েছে। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে চিঠি দেওয়া হয়েছে, যাতে বাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৫ বছর ধরে দেশের পুঁজিবাজারে অনিয়ম, অপশাসন এবং অস্থিরতা চলছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এতে প্রকৃত রিটার্ন এবং মূলধন কমেছে, যার কারণে বাজারে প্রায় ৪০ শতাংশ সংকোচন ঘটেছে।

অতীতে বিভিন্ন প্রতিকূল ঘটনা এবং স্থানীয় ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক কারণে বাজার পুনরায় স্থিতিশীল হতে পারেনি। বিশেষভাবে ১৯৯৬ এবং ২০১০ সালে কারসাজির কারণে আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল, যা বিনিয়োগকারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। ২০২০ সালে করোনা পরবর্তী সময়ে শেয়ারের দাম ফ্লোর প্রাইসের মাধ্যমে আটকে রাখা হয়, যা বাজারে অপূরণীয় ক্ষতি করেছে।

ডিবিএ চিঠিতে আরও উল্লেখ করে, সবচেয়ে বড় অনিয়ম হলো মানহীন আইপিও (প্রাথমিক শেয়ার) তালিকাভুক্ত হওয়া, যার মাধ্যমে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এছাড়া, নিয়ন্ত্রক সংস্থা, পরিচালনাকারী সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি এবং অন্যান্য অংশীজনদের মধ্যে সুশাসনের অভাব এবং স্বচ্ছতার ঘাটতি বাজারে আস্থার সংকট সৃষ্টি করেছে।

চিঠিতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আপনার নেতৃত্বে আমরা এই সংকট থেকে দ্রুত বেড়িয়ে আসতে চাই।” ডিবিএ আরো দাবি করেছে, বাজারে শৃঙ্খলা ফেরানোর এবং শিল্পায়নে মূলধন সংগ্রহের জন্য সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানি এবং বড় বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করা জরুরি। এসব কোম্পানি তালিকাভুক্ত হলে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য তৈরি হবে।

an adbox will go here