রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে: প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে: প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের রপ্তানি ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৭ শতাংশ। মঙ্গলবার রাতে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে বিনিয়োগকারীদের সাধারণ সমস্যা সমাধানে কাজ শুরু করেছে, যার মধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস ও প্রত্যাবাসন আইন সংশোধন অন্যতম। তিনি জানান, সরকার নিয়মিতভাবে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছে, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ইতিবাচক প্রভাব ফেলছে। আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা অংশ নেবেন। ইতোমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ ও এপি মোলার মারস্ক কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে।

আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বব্যাপী সরকারের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোস সম্মেলনে অংশ নিয়ে ৪৭টি বৈঠক করেছেন, যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, বিশ্ব বাণিজ্যের শীর্ষ নেতারা ও জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশটির ভিসা ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও বর্তমান সরকার সেটি পুনরায় চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশে একটি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে প্রথমে হালাল গোশত ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশটি বাংলাদেশের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনার প্রতিও আগ্রহ প্রকাশ করেছে।

an adbox will go here