ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, ২৬ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলার - দিগন্ত জার্নাল

ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, ২৬ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলার

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ ঈদুল ফিতরকে সামনে রেখে আরও বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে প্রায় ২৯৫ কোটি (প্রায় ৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে প্রায় ১১.৩৪ কোটি ডলার বা ১৩৮৪ কোটি টাকা। দেশের ইতিহাসে এক মাসের মধ্যে এর আগে এত বেশি রেমিট্যান্স আসেনি।

এর আগে এক মাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে, প্রায় ২৫৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১৮৪৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই হুন্ডি ও অর্থপাচার কমে গেছে, পাশাপাশি ব্যাংকগুলোর বৈধ রেমিট্যান্স বিনিময় হার খোলা বাজারের কাছাকাছি থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করেও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী রয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে টানা সাত মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার এসেছে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ২০২৪ সালের ডিসেম্বরে নতুন রেকর্ডে পরিণত হয়।

২০২৪ সালের জুলাই বাদে বছরের বাকি ১১ মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

an adbox will go here