রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুসারে নিট রিজার্ভের পরিমাণ ২০.২৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার জানান, চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৯৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এর আগে, ৯ মার্চ বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধের ফলে নিট রিজার্ভ কমে ১৯.৭৫ বিলিয়ন ডলারে নেমে আসে। জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধের পরও রিজার্ভ কমেছিল, তখন ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের ফলে নিট রিজার্ভ ২০ বিলিয়নের নিচে নেমে যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ আইএমএফের বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুসারে গণনা করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।
বিশ্ববাজারে ডলার সংকট ও আমদানি ব্যয়ের চাপের মধ্যেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।