২০২৩ সালে কর ফাঁকিতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ: সিপিডি - দিগন্ত জার্নাল

২০২৩ সালে কর ফাঁকিতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ: সিপিডি

দিগন্ত জার্নাল ডেস্ক:
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে বাংলাদেশ কর ফাঁকির কারণে আনুমানিক দুই লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। এ বিপুল অঙ্কের মধ্যে প্রায় ৫০ শতাংশই হারিয়েছে করপোরেট কর ফাঁকির কারণে। সোমবার সিপিডির কার্যালয়ে আয়োজিত “বাংলাদেশের উত্তরণে করপোরেট আয়কর সংস্কার” শীর্ষক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে করপোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়ায় এক লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা। এটি মোট রাজস্ব ক্ষতির অর্ধেকেরও বেশি। সিপিডির পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১১ সাল থেকে দেশে কর ফাঁকির প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১২ সালে ফাঁকির পরিমাণ ছিল ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা, যা ২০১৫ সালে গিয়ে দাঁড়ায় এক লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায়। গবেষণায় কর ফাঁকির পেছনে কয়েকটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে—উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইন-কাঠামো এবং কর ব্যবস্থায় দুর্নীতি।

সিপিডি মনে করে, এই উচ্চ কর ফাঁকির হার সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং আইন মেনে চলা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর অনিচ্ছাকৃত চাপ সৃষ্টি করে। প্রতিবেদনে আরও বলা হয়, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে বহুজাতিক কোম্পানির বিনিয়োগ আকৃষ্ট হবে বলে প্রত্যাশা করা হয়। তবে কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে রাজস্ব ক্ষতি আরও বাড়বে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সিপিডি কর ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং কর নীতিতে ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে।

an adbox will go here