আইএমএফ শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, ( ৩০ এপ্রিল ২০২৫) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বর্তমানে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ২০৪ কোটি ৭৮ লাখ ডলার বা ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৭৪১ কোটি ডলার বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানান, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে ৫৩৬ কোটি ডলার বাদ দিয়ে আইএমএফের শর্ত অনুযায়ী প্রকৃত রিজার্ভ গণনা করা হয়েছে।
তিনি বলেন, “অর্থপাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে এবং রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। এ কারণে রিজার্ভ বাড়ছে এবং ডলারের দর স্থিতিশীল রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক।”
২০২২ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল, যা ক্রমাগত হ্রাস পেয়ে ২০২৪ সালের জুলাইয়ে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কিনছে।
এছাড়া বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে এখন রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে এবং ডলারের দর দীর্ঘদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।