কর-কাস্টমস আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা, কর্মকর্তাদের কঠোর অবস্থান - দিগন্ত জার্নাল

কর-কাস্টমস আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা, কর্মকর্তাদের কঠোর অবস্থান

দিগন্ত জার্নাল ডেস্ক:
কর ও কাস্টমস ক্যাডারের চলমান ন্যায্য আন্দোলনে অনুপ্রবেশের অপচেষ্টার অভিযোগ উঠেছে সরকারি ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর বিরুদ্ধে। কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে সরকারের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করতে চায়। এই চক্রের নেতৃত্বে রয়েছেন সাবেক কর কমিশনার একেএম বোরহান উদ্দিন, যিনি আওয়ামী আমলে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়মে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে একটি দুর্নীতিবাজ গোষ্ঠী মাঠে নেমেছে, যারা কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ কিংবা সিএনজি লীগ সেজে আন্দোলনে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ। ইতোমধ্যে এনবিআর ভবনে আয়োজিত এক বৈঠকে তারা ঢুকে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করলে সাধারণ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করেন। কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, আন্দোলনে কারও রাজনৈতিক প্রভাব চলবে না, এমনকি প্রয়োজনে পুলিশে খবর দেওয়া হবে।

বর্তমানে এনবিআর পুনর্গঠনের প্রক্রিয়ায় দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত হয়েছে। কর্মকর্তাদের দাবি, এই বিভাগগুলোর শীর্ষ পদে (সিনিয়র সচিব) কেবল কর ও কাস্টমস ক্যাডারের অভিজ্ঞদেরই নিয়োগ দিতে হবে। কারণ প্রশাসন ক্যাডার থেকে আগতরা অতীতে বাস্তব দক্ষতার অভাবে কার্যকর নীতিনির্ধারণ করতে পারেননি।
বিসিএস কর ক্যাডার ও কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন ইতোমধ্যে জরুরি সাধারণ সভা করেছে এবং দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। তারা স্পষ্ট করেছেন, রাজস্ব আদায়ের কাজ চলবে আগের চেয়ে বেশি আন্তরিকতায়, তবে ন্যায্য দাবির প্রশ্নে কোনো আপস নয়।

তাদের মতে, এই দাবির প্রতিফলন আসন্ন অধ্যাদেশে না থাকলে আন্দোলন আরও কঠোর হবে। সেই সঙ্গে তারা সিনিয়র কর্মকর্তাদের ব্যক্তিস্বার্থ ও দলাদলি পরিহার করে পেশাগত ঐক্যের আহ্বান জানিয়েছেন।

an adbox will go here