ডলারের বাজারে বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারি কারসাজি করলে কঠোর ব্যবস্থা
দিগন্ত জার্নাল অর্থনীতি
শুক্রবার , (১৬ মে ২০২৫) রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ডলারের মূল্য নিয়ন্ত্রণে বাজারে বাংলাদেশ ব্যাংকের সক্রিয় তদারকি অব্যাহত রয়েছে। তিনি জানান, কোনো ব্যাংক যেন অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে না পারে, সেজন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি, যাতে বাজারে অস্থিরতা না তৈরি হয়। এরপরও কেউ যদি কারসাজি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
হাবিবুর রহমান বলেন, “যদি দেখা যায়, টাকার অবমূল্যায়ন কাঙ্ক্ষিত সীমার বাইরে চলে যাচ্ছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে। আমাদের হাতে সেই ক্ষমতা রয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “উন্নয়নের জন্য প্রয়োজন কার্যকর নীতি ও সঠিক বাস্তবায়ন। মাত্র ১৫ বছরে জাপান ঘুরে দাঁড়াতে পেরেছিল, তেমনই এশিয়ার আরও বহু দেশ অর্থনৈতিক অগ্রগতিতে সফল হয়েছে। আমাদের ক্ষেত্রেও তা সম্ভব, যদি সঠিক কৌশলে অগ্রসর হওয়া যায়।”
অনুষ্ঠানটি আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ জাইদি সাত্তার ও পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।
ডলারের বাজারে স্থিতিশীলতা :
ডলারবাজার পুরোপুরি বাজারভিত্তিক করার দুই দিন পরেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অধিকাংশ ব্যাংক ১২২ টাকার মধ্যে ডলার কেনাবেচা করছে। মাত্র কিছু ব্যাংক ১২২ টাকায় রেমিট্যান্স কিনে ১২৩ টাকায় বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন রেফারেন্স রেট প্রকাশ করছে এবং বৃহস্পতিবারের রেট ছিল ১২১ টাকা ৯৯ পয়সা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোকে রেফারেন্স রেটের কাছাকাছি দরে লেনদেন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বাজারে কৃত্রিম সংকটের সম্ভাবনা কমছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।