এনবিআর বিলুপ্ত, রাজস্ব খাতে দুটি নতুন বিভাগ; সমর্থন-বিরোধিতায় উত্তপ্ত পরিবেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা নিয়ে রাজস্ব প্রশাসনে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে।গত ১২ মে রাতেই ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ নামে এই পরিবর্তনের গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার**। এর ফলে কর ও কাস্টমস ক্যাডারদের জন্য পৃথক কাঠামো গঠিত হয়েছে।
তবে গেজেটের বিরোধিতা করে একটি পক্ষ কলম বিরতি ও এনবিআর ভবনের সামনে কর্মসূচির ডাক দিয়েছে, যেখানে বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো অভিযোগ করেছে, এই বিরোধিতা সরকারের প্রশাসনকে অস্থিতিশীল করতে একটি চক্রান্তের অংশ। অন্যদিকে, গেজেটের পক্ষে কর ক্যাডার অ্যাসোসিয়েশন আজ বিকেলে এনবিআর ভবনে একটি বর্ধিত সভা ডেকেছে, যেখানে নতুন কাঠামো অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং জনসেবা সুরক্ষা নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে নতুন কাঠামো বাস্তবায়নে সহযোগিতার বিষয়টি আলোচনায় রাখবেন।এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজস্ব প্রশাসনে দুইভাগে বিভক্ত মতবিভেদ এবং রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে।