মেগা ১০ প্রকল্পে বরাদ্দ কমছে ৬ হাজার ৪২৩ কোটি টাকা - দিগন্ত জার্নাল

মেগা ১০ প্রকল্পে বরাদ্দ কমছে ৬ হাজার ৪২৩ কোটি টাকা

দিগন্ত জার্নাল অর্থনীতি

সোমবার, (১৯ মে ২০২৫) আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে দেশের ১০টি মেগা প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে প্রায় ৬ হাজার ৪২৩ কোটি টাকা। এই তালিকায় রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা রেল সংযোগ, বঙ্গবন্ধু রেলসেতু, মেট্রোরেল প্রকল্পসহ বেশ কিছু বহুল আলোচিত প্রকল্প। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের জন্য ২৮ হাজার ৩৮৭ কোটি টাকার বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, যেখানে চলতি বছরের মূল এডিপিতে ছিল ৩৪ হাজার ৮১০ কোটি এবং সংশোধিত এডিপিতে ৩০ হাজার ৫০৬ কোটি টাকা। অর্থাৎ সংশোধিত এডিপির তুলনাতেও বরাদ্দ কমেছে ২ হাজার ১১৯ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, বেশ কিছু প্রকল্পে বাস্তবায়ন ধীরগতির হওয়ায় এবং অপচয় রোধের লক্ষ্যে বরাদ্দ হ্রাস করা হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পে আলাদা কিছু নিরাপত্তা প্রকল্প যুক্ত হওয়ায় মূল প্রকল্পে ধীরে অগ্রসর হওয়া হচ্ছে। ফলে নতুন বরাদ্দ ১০ হাজার ১১ কোটি টাকা, যা চলতি বছরের মূল বরাদ্দের তুলনায় কম।

অন্যদিকে, সবচেয়ে বড় হ্রাস দেখা গেছে মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার বিদ্যুৎ প্রকল্পে, যেখানে বরাদ্দ কমেছে প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা। চলতি বছরের বরাদ্দ ছিল ৬ হাজার ১০৫ কোটি, যা আগামী অর্থবছরে কমে দাঁড়িয়েছে মাত্র ২০২ কোটি টাকায়। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল-৬) প্রকল্পে বরাদ্দ কমেছে ৬২৮ কোটি টাকা, তবে মেট্রোরেল লাইন-১ এবং লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পে বরাদ্দ বেড়েছে যথাক্রমে ৫ হাজার ৯৭ কোটি ও ৫২২ কোটি টাকা।

এছাড়া পদ্মা সেতু রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু রেলসেতু এবং দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেলপথ প্রকল্পে উল্লেখযোগ্য হারে বরাদ্দ কমানো হয়েছে। গুনদুম পর্যন্ত রেললাইন বাদ পড়ায় এ রুটের বরাদ্দ কমে এসেছে ৮৮৮ কোটি টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “অপচয় রোধ, যাচাই-বাছাই এবং বাস্তবতা বিবেচনায় এডিপিতে এ ধরনের সমন্বয় আনা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে কোনো বড় ধরনের সমস্যা হবে না বরং আরও বাস্তবভিত্তিক অগ্রগতি নিশ্চিত হবে।”

an adbox will go here