অর্থবছরের শেষ ব্যয়ের সময়সীমা চূড়ান্ত, চেক ইস্যু ২৬ জুন পর্যন্ত
অর্থনীতি ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫।
২০২৪–২৫ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড় ও বিল দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, অর্থ ছাড়ের সময়সীমা ১৭ জুন পর্যন্ত। তবে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফেরত বিল দাখিল করতে হবে ২৫ জুনের মধ্যে এবং বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ ২৬ জুন।
বলা হয়েছে, বাজেট বরাদ্দের আওতায় বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট মূল্য পরিশোধের শেষ সময়ও ২৬ জুন। তবে ৩০ জুনের মধ্যে যেসব ক্ষেত্রে আমদানি ও মূল্য পরিশোধ সম্ভব নয়, সেসব ক্ষেত্রে বিস্তারিত প্রতিবেদন ১৯ জুনের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে। সব ধরনের বেতন-ভাতা সংক্রান্ত বিল এই সময়সীমার আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সময়সীমাগুলো নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের শেষ দিকে নিয়মিত ও ফেরত বিলের ওপর নিরীক্ষা কর্তৃপক্ষ পূর্ব নিরীক্ষা চালায়। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যেই বিল দাখিল, চেক ইস্যু ও নগদায়নের কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।