সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি এখন এনবিআরের ‘গলার কাঁটা’ - দিগন্ত জার্নাল

সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি এখন এনবিআরের ‘গলার কাঁটা’

দিগন্ত জার্নাল রিপোর্ট:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ি এখন কাস্টমসের গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রথম দফায় নিলামে তোলা হলেও আশানুরূপ মূল্য না পাওয়ায় দ্বিতীয় দফায় নিলামে তোলার ক্ষেত্রে অনাগ্রহী কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টম হাউসে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, “গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম, তবে প্রত্যাশিত দাম মেলেনি। এখন আমরা বিকল্প কিছু চিন্তা করছি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। কিন্তু আমরা জলের দরে বিক্রি করতে চাই না।”

তিনি আরও বলেন, “একেকটি গাড়ির বাজারমূল্য ৮ থেকে ৯ কোটি টাকা। উপযুক্ত মূল্য না পেলে কীভাবে এই গাড়িগুলো আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বছরের পর বছর ফেলে রেখে স্ক্র্যাপ করার পক্ষেও আমরা নই। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমস এসব গাড়ি নিলামে তোলে। ২৪টি গাড়ির মধ্যে ১০টির বিডই ওঠেনি। বাকি ১৪টির মধ্যে সর্বনিম্ন বিড পড়ে মাত্র ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ টাকা, যেখানে কাস্টমস কর্তৃপক্ষ গাড়ি ভেদে সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল ৮ থেকে ৯ কোটির মধ্যে।

উল্লেখযোগ্যভাবে, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামানের আমদানিকৃত ল্যান্ড ক্রুজার জেডএক্স মডেলের একটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা, কিন্তু নিলামে এর দাম ওঠে মাত্র ১ লাখ টাকা।

এ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় নিলাম না করে রাজস্ব ঝুঁকি ও আইনি জটিলতা বিবেচনায় এনবিআরকে চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস। ১১ মার্চ পাঠানো চিঠিতে জানানো হয়, ন্যূনতম ৬০ শতাংশ মূল্য না পাওয়ায় দ্বিতীয় দফা নিলামে গেলেও প্রথম দফার তুলনায় কম দামে বিক্রি হলে আইনি জটিলতা তৈরি হবে এবং রাজস্ব আদায়ের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকার গঠনের আগমুহূর্তে তৎকালীন সংসদ সদস্যরা এই বিলাসবহুল গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন। তবে গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার পর সেই সুবিধা বাতিল করে এনবিআর। ফলস্বরূপ, গাড়িগুলো ফেলে যান সদ্য সাবেক হওয়া এমপিরা।

an adbox will go here