আইএমএফের ঋণ কিস্তি পেতে দেরি, ‘ভিক্ষা নয়, শর্ত মেনেই টাকা আনি’ – অর্থ উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৮:৩০ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই মিলছে না। আগামী ১২ মার্চ কিস্তি অনুমোদনের কথা থাকলেও সেটি পিছিয়ে জুনে নেওয়া হয়েছে। ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির প্রস্তাব একসঙ্গে আইএমএফ নির্বাহী পর্ষদের সভায় উঠবে।
সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়–সংক্রান্ত অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার কথা ছিল।
‘ভিক্ষা নয়, শর্ত মেনেই অর্থ আনা হয়’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন,
“আপনারা তো ভাবছেন, আমরা ভিক্ষা করে টাকা-পয়সা নিয়ে আসি। আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। কিছু শর্ত আছে, তা বললেই আমরা পালন করব—এমন নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মরিয়া হয়ে নেই। দেশের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থানে আছে। চলতি হিসাব, আর্থিক হিসাব ও প্রবাসী আয় ইতিবাচক। তাই জুনে দুই কিস্তির প্রস্তাব একসঙ্গে ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের জন্য আইএমএফের ঋণের অগ্রগতি
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। এরপর বাংলাদেশ তিনটি কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে।
প্রথম কিস্তি: ৪৭ কোটি ৬৩ লাখ ডলার (ফেব্রুয়ারি ২০২৩)
দ্বিতীয় কিস্তি: ৬৮ কোটি ১০ লাখ ডলার (ডিসেম্বর ২০২৩)
তৃতীয় কিস্তি: ১১৫ কোটি ডলার (জুন ২০২৪)
জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির প্রস্তাব একসঙ্গে অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী পর্ষদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
(তথ্যসূত্র: জেলা প্রশাসক সম্মেলন ২০২৫)