খেলাপি ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ছাড়াল - দিগন্ত জার্নাল

খেলাপি ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ছাড়াল

দিগন্ত জার্নাল ডেস্ক:

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ১৩২ কোটি টাকা, আর তিন মাসের ব্যবধানে বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, লুটপাট ও অর্থপাচারের কারণে ব্যাংক খাতে এই সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ৭ লাখ কোটি টাকার কম হবে না। ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঋণ খেলাপি দেখাতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে কিছু তথ্য প্রকাশ পেলেও এখনো পুরো চিত্র সামনে আসেনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, খেলাপি ঋণ আরও বাড়তে পারে। তবে আমানতকারীদের অর্থ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রয়োজন হলে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ করা হবে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই ঋণসংকট আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বৈদেশিক বিনিয়োগে ধস নামাতে পারে।

an adbox will go here