সিআইবিতে তথ্য দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা - দিগন্ত জার্নাল

সিআইবিতে তথ্য দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ভাণ্ডার (সিআইবি) যথাসময়ে হালনাগাদ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করা হবে। এছাড়া, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সঠিক ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে এবং জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে মাসিক ভিত্তিতে ঋণগ্রহীতাদের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে সিআইবিতে জমা দিতে হবে। পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সংশোধন বা সংযোজনের কাজ শেষ করে পুনরায় তথ্য দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে বা ভুল তথ্য দিলে তিন দিনের মধ্যে ব্যাখ্যা প্রদান করতে হবে। ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করা হবে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব থেকে কর্তন করা হবে।

সিআইবিতে বর্তমানে সর্বনিম্ন এক টাকার ঋণগ্রহীতার তথ্যও সংরক্ষিত রয়েছে। নতুন ঋণ পেতে হলে গ্রাহকের সিআইবি রিপোর্ট প্রয়োজন হয়। অতীতে সঠিক নিয়ম অনুসরণ না করায় অনেক ঋণ খেলাপি নতুন ঋণ পেয়েছেন, যার ফলে লুটপাট ও আর্থিক ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি ঠেকাতে এবং ঋণ একক গ্রাহকের কাছে কেন্দ্রীভূত না হওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।

an adbox will go here