ঈদের টানা ৯ দিনের ছুটিতে চালু রয়েছে ডিজিটাল ব্যাংকিং সেবা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে চালু হয়েছে এটিএম ব্যাংকিং সেবা কার্যক্রম , যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। তবে এ সময়ে ডিজিটাল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।
শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা খোলা থাকলেও আজ রোববার থেকে সব ব্যাংক বন্ধ রয়েছে। তবে বন্দর এলাকায় সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী খোলা থাকবে।
এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা ছুটির পুরো সময়জুড়ে চালু থাকবে। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা যেন সার্বক্ষণিকভাবে সচল থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের সাইবার হামলার আশঙ্কা দেখা দিলে দ্রুত গ্রাহকদের সতর্ক করার নির্দেশনা রয়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে অর্থ উত্তোলনের সীমাও সাময়িকভাবে বাড়ানো হয়েছে।
আগামী ৬ এপ্রিল থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।